প্রচ্ছদ > আন্তর্জাতিক >

ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও

article-img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার জবাবে পোপ লিও কড়া ভাষায় বলেন, আমরা কোনো রাজনীতিবিদ নই বরং আমরা শান্তিপ্রণেতা। 

আলজেরিয়া সফরের উদ্দেশে বিমানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সমালোচনা বা তাদের কোনো পদক্ষেপে তিনি ভীত নন। তিনি বিশ্বাস করেন, গির্জা এবং তার প্রধান কাজ হলো কোনো ভয়ভীতি ছাড়াই পবিত্র ইঞ্জিল বা গসপেলের শান্তির বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া।

এর আগে ট্রাম্প তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতিতে ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্পের এমন অস্বাভাবিক আক্রমণের মূল কারণ ছিল ইরান যুদ্ধের বিষয়ে পোপের সমালোচনামূলক অবস্থান। পোপ লিও সাফ জানিয়ে দিয়েছেন, একজন রাজনীতিবিদের চোখে বৈদেশিক নীতি যেমন হয়, গির্জা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো বিচার করে না। তাদের লক্ষ্য রাজনৈতিক ফায়দা নয় বরং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করা।

পোপ আরও যোগ করেন যে, তিনি ইঞ্জিলের শান্তিকামী শিক্ষায় বিশ্বাসী এবং সেই অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবেন। মূলত ইরান-ইসরাইল যুদ্ধের জেরে মার্কিন নীতির সমালোচনা করায় ট্রাম্পের ক্ষোভের মুখে পড়েন পোপ। 

তবে পোপের এ বলিষ্ঠ অবস্থান প্রমাণ করে যে রাজনৈতিক চাপের মুখে তিনি তার শান্তির অবস্থান থেকে সরে আসতে রাজি নন। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আক্রমণের পরও তিনি তার শান্তিকামী বার্তার ওপরই অটল রয়েছেন।